মাগুরার শ্রীপুরে রাতভর সহিংসতা: ৮৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), আলোকিত সময়, (৬ মে) : মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে সংঘটিত রাতভর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৮৯ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (৫ মে) শ্রীপুর থানায় বাদী হয়ে মামলা করেন আমতৈল গ্রামের মো. আব্দুল শেখের ছেলে মো. আমিরুল শেখ। পুলিশ জানায়, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ মামলায় অভিযুক্তদের মধ্যে মো. সানিয়াত রাব্বি ওরফে বাবু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ৭ নম্বর সব্দালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিপটোন মিয়া এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের ভাই হারুক ও ফারুক মিয়া।

প্রসঙ্গত, দলে অনুপ্রবেশ ও আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের জেরে শুক্রবার (১ মে) রাতে উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে শতাধিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অন্তত ২০টি গবাদিপশু এবং মূল্যবান মালামাল লুটপাট করা হয়।

এছাড়া, প্রায় ৪০ থেকে ৪৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং আগুনে পুড়ে ৪টি ছাগল মারা যায়। অন্যান্য স্থানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ