মমতার নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে না আসার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৬ মে) : রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ সরকারে নিযুক্ত সমস্ত অবসরপ্রাপ্ত আমলাদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বিভাগে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আজ থেকে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সমস্ত বিভাগীয় সচিবদের এই নির্দেশ জানিয়েছেন।

প্রতিটি বিভাগের সচিবদের নিজ নিজ দপ্তরে মৌখিকভাবে আদেশটি জানানো হয়, যা নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, বিভিন্ন বিভাগে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সরকারি বাসস্থান খালি করেছেন।

গতকাল মঙ্গলবার মুখ্যসচিব আবারও সব বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ ফাইল যথাযথভাবে সুরক্ষিত রাখা এবং কোনো অবস্থাতেই সেগুলো বিভাগীয় চত্বরের বাইরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আর্থিক উপদেষ্টাদেরও এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে এবং ফাইলের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচন ২০২৬
গত ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৪ মে ভোট গণনা করা হয়। বিজেপি রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করেছে। গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার শক্ত ঘাঁটি ভবানীপুরে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত হয়েছেন। দক্ষিণ কলকাতার এই আসনটি দীর্ঘদিন তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

আগামী ৯ মে পশ্চিমবঙ্গে নিজেদের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ