দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে: সংসদে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ এপ্রিল) : দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দ্রুত শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রস্তুতি সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনি প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ২২তম দিনে জামায়াতের এমপি জহিরুল ইসলামের (চট্টগ্রাম-১৬) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। এ সময় ইভিএম প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে সংসদে আশ্বস্ত করেন মন্ত্রী।
মন্ত্রী জানান, নির্বাচনি প্রক্রিয়া শুরু করতে ১০ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লাগে এবং এজন্য ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন হয়। নির্বাচন আয়োজনের সময় বিভিন্ন প্রযুক্তিগত, পারিপার্শ্বিক এবং সামাজিক বিষয়গুলোও বিবেচনায় নিতে হয়, যেমন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতি।
স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, গত ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর এবং কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের সুপারিশ করেছে। ফরিদপুর বিভাগ ঢাকা বিভাগের পাঁচটি জেলা নিয়ে গঠন করা হবে। নিকার (জাতীয় বাস্তবায়ন কমিটি) বৈঠকে এই সুপারিশ চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী জানান, ইভিএম প্রকল্পে অনিয়মের ঘটনায় দুদকের তদন্ত শেষ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৩,৮২৫ কোটি টাকায় দেড় লাখ ইভিএম কেনার প্রকল্প বাস্তবায়িত হয়েছিল, যা সেনাবাহিনী মাধ্যমে ক্রয় করা হয়। তবে, এই প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠেছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে এর তদন্ত করছে।
ইভিএমের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী জানান, আগামীতে জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। ইভিএমগুলো বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির গোডাউন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে সংরক্ষিত রয়েছে।
মনোয়ারুল হক/
