সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ এপ্রিল) : চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৯ এপ্রিল) তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাপ্রধান সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া-২০২৬ এক্সিবিশন’ পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান আগামীকাল মঙ্গলবার ‘অষ্টম পুত্রাজায়া ফোরামে’ অংশগ্রহণ করবেন। ওই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সঙ্গেও সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ