সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে বালু উত্তোলন হবে না: এমপি মানিক

নিজস্ব প্রতিবেদক (চাঁদপুর), এবিসিনিউজবিডি, (১৩ এপ্রিল) : সরকারি কোনো সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে কেউ কোনোভাবে বালু উত্তোলন করতে পারবে না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, ‘বিগত দিনে চাঁদপুরে বালু উত্তোলন নিয়ে নানা অভিযোগ রয়েছে, যা বারবার সামনে আসে। বালু উত্তোলন যেখানে প্রয়োজন, সেখানে গবেষণা করে এবং সংশ্লিষ্টদের মতামত নিয়ে তা করা হবে।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘সম্প্রতি হাইমচরের চরভৈরবী গাজীনগর এলাকায় নদীভাঙন প্রতিরোধ বাঁধের পাশ থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি আলোচিত। আমি ঘটনার দিন সংসদে ছিলাম। আমার নির্দেশনার আগেই পানি উন্নয়ন বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বাঁধসংলগ্ন নদীপাড় থেকে ড্রেজার দিয়ে মাটি কাটা খুবই বিরল।’

তিনি বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমাদের বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নেই। হাইমচরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এ ঘটনার পর আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। আজকের এই সভায় সরকারি ও বিরোধী দলের নেতারা উপস্থিত আছেন, সে কারণে বিষয়টি স্পষ্ট করে বলে রাখলাম।’

সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমিতির নেতারা সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, জ্বালানি তেলের সংকট, যানজট নিরসন ইত্যাদি বিষয়গুলো মতবিনিময় সভায় আলোচনা হয়।

সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও সুধীজনের বক্তব্য শোনেন এবং সবার সহযোগিতা নিয়ে জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ