রংপুরে এএসআই হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক (রংপুর), এবিসিনিউজবিডি, (১৩ এপ্রিল) : রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকা থেকে পারভেজ রহমান পলাশকে গাঁজাসহ আটক করে পুলিশ। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে। পরে আসামি পলাশকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে এ রায় দেন বিচারক। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া, আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান আব্দুল হাদী বেলাল।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। ন্যায়বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ