দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ মার্চ) : দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কিনতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় তেল কিনছে। ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই।

এতে আরও বলা হয়, পেট্রল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল ব্যক্তিগতভাবে মজুত করা অত্যন্ত বিপজ্জনক। যারা অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুতকে ‘না’ বলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইলকোর্ট সক্রিয় রয়েছে।

সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সচেতন থাকতে নাগরিকদের অনুরোধও জানানো হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ