প্রতিবেশী একটি দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৬ মার্চ) : প্রতিবেশী একটি দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা চলছে—এমন অভিযোগ তুলে সংশ্লিষ্ট দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান, জানিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, কিছু তথ্যের ভিত্তিতে জানা গেছে—ইরানের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, শত্রুদের সব ধরনের গতিবিধি আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারিতে রয়েছে। যদি সীমা লঙ্ঘন করে, তবে ওই আঞ্চলিক দেশের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো ধরনের দ্বিধা ছাড়াই আমাদের নিরবচ্ছিন্ন হামলার লক্ষ্যবস্তু হবে

আরেকটি পোস্টে গালিবাফ জানান, বিশেষ করে মার্কিন সেনা মোতায়েনসহ যুক্তরাষ্ট্রের সব ধরনের তৎপরতা ইরান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড রক্ষার সংকল্প পরীক্ষা করবেন না।’

এদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ‘কোনো ভুল পদক্ষেপ’ নিলে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূল দখলের হুমকি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এ দেওয়া বক্তব্যে বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি বলেন, ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে কোনো ভুল করে, তাহলে ইরানের বাহিনী বাহরাইন ও আমিরাতের উপকূল দখল করবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযানের জন্য ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে মহড়া চালিয়েছে এবং উপকূল দখলের বিষয়টি তাদের পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ