ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা, সেনাবাহিনীর হস্তক্ষেপ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ঢাকা-৮ আসনের জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে একদল ব্যক্তি। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী বহিরাগত নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। তখন কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। পরে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তাঁকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং সেনা পাহারায় পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে নেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটওয়ারী বহিরাগত ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছে। তবে এ অভিযোগের বিষয়ে পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মনোয়ারুল হক/
