সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক লোক নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ ফেব্রুয়ারি) : গৃহযুদ্ধ কবলিত সুদানে বাস্তুচ্যুত কয়েকটি পরিবারকে বহনকারী গাড়িতে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সার্পোট ফোর্সেস (আরএসএফ)ৱ-এর ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) চিকিৎসা পর্যবেক্ষক গোষ্ঠী সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ডক্টরস নেটওয়ার্ক জানায়, উত্তর কর্দোফান রাজ্যের রাহাদ শহরের কাছে হামলার ঘটনাটি ঘটে। গাড়িটির আরোহীরা দুইবাইকার এলাকার লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে নেটওয়ার্ক জানায়, নিহত ৮ শিশুদের মধ্যে দুইজন নবজাতক রয়েছে।
এর আগেরদিন শুক্রবার উত্তর কর্দোফানে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মানবিক ত্রাণবাহী গাড়িবহর ও জ্বালানিবাহী লরিতে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়েছিল, তাতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
উত্তর কর্দোফানের রাজ্য সরকার ডব্লিউএফপির গাড়িবহরে চালানো হামলার নিন্দা জানিয়েছে। তারা আরএসএফের নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
মনোয়ারুল হক/
