হালদা নদী থেকে পানি উত্তোলন নিয়ে বিভ্রান্তি নয়: এলজিআরডি মন্ত্রী

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে হালদা নদী থেকে পানি উত্তোলন করা নিয়ে বিভ্রান্তি এবং মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

২ জানুয়ারি (শনিবার) চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত চীন সরকার হতে অনুদান হিসেবে প্রাপ্ত এলইডি বাল্ব বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, হালদা নদীতে যে পানির প্রবাহ রয়েছে তার থেকে মিরেরসরাই ইকোনমিক জোনের জন্য যে পরিমাণ পানি উত্তোলন করা হবে এতে নদী এবং মাছের প্রজননের কোন সমস্যা হবে না বলে গবেষণায় উঠে এসেছে। দেশের উন্নয়নের জন্য ভ্রান্ত ধারণা ও মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে উন্নয়ন যাত্রা ব্যাহত হলে দেশের মানুষকে এর মূল্য দিতে হবে।
তাই দেশের উন্নয়নের জন্য বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মিরসরাইয়ে ইকোকমিক জোনে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, কক্সবাজার পর্যন্ত যে মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে এরফলে এই অঞ্চলে শতশত ফাইভ স্টার হোটেল-মোটেল হবে। লাখ লাখ ডলার বিনিয়োগ হওয়ার পাশাপাশি ট্যুরিজম সেক্টরে নতুন দিগন্তের উন্মোচন হবে। চট্টগ্রাম নগরীর যে সম্ভাবনা আছে তা কাজে লাগাতে হবে। এসবের জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা দরকার পড়বে তার জন্য এখন থেকে সব প্রস্তুতি নিতে হবে।

মো.তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামের উন্নয়নের সাথে বাংলাদেশের উন্নয়ন জড়িয়ে আছে। চট্টগ্রাম বন্দর না থাকলে এতো দ্রুত বাংলাদেশের উন্নয়ন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ