কারাগার থেকে আরও ১৩ শিক্ষার্থীর মুক্তি

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ আগস্ট ২০১৮) : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া আরও চার শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। ২০ আগস্ট (সোমবার) বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই চার শিক্ষার্থী হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রিসালাত ওরফে ফেরদৌস, আমিনুল হক, ইউল্যাবের ছাত্র বাঈজীদ আদনান ও এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ। এ নিয়ে এই দিন (সোমবার) ১৩ জন শিক্ষার্থী জামিনে মুক্তি পেলেন।

এর আগে আজ সকালে সাড়ে নয়টার দিকে নয়জন শিক্ষার্থী কারাগার থেকে বেরিয়ে আসেন। গতকাল রোববার নয় শিক্ষার্থীকে জামিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এখন পর্যন্ত আজ সোমবার ও গতকাল রোববার মিলে মোট ২২ শিক্ষার্থী জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। এই শিক্ষার্থীর স্বজনেরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অপেক্ষায় ছিলেন।

ঢাকার থানা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। এরপর ওই বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ