পরীমনির পাশে প্রভা
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ নভেম্বর): আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার আলোচনা থামছে না। এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া, গালিগালাজ এবং নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির অভিযোগে যখন সমালোচনার মুখে পরীমনি, তখন তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে পরীমনিকে ভুক্তভোগী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়টিও সামনে এনেছেন প্রভা।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দেন। তার দাবি, একটি প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়ে তিনি ব্যাড টাচের শিকার হওয়ার আশঙ্কায় পড়েছিলেন।
প্রভা জানান, ওই অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরেন। তাদের একজন একাধিক মাইক্রোফোন নিয়ে তার শরীরের খুব কাছাকাছি চলে আসছিলেন। তিনি বারবার সরে যাচ্ছিলেন। কিন্তু ওই সাংবাদিকের হাতও তার দিকে এগিয়ে আসছিল।
অভিনেত্রীর ভাষ্য, পরিস্থিতি তাকে অস্বস্তিতে ফেলেছিল। তিনি হাসিমুখে ওই সাংবাদিককে বোঝানোর চেষ্টা করেন যে, তার আচরণে তিনি স্বস্তি বোধ করছেন না।
প্রভা বলেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে পরীমনির ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার আহ্বান জানান প্রভা। তার মতে, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বিষয়টি এড়িয়ে গেলে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে হয়।
পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তদন্তের দাবিও জানান অভিনেত্রী। তার বক্তব্যে উঠে আসে, সাংবাদিক পরিচয়ের আড়ালে কারও ব্যক্তিগত পরিসরে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করা উচিত নয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের বিরুদ্ধে ব্যাড টাচের অভিযোগ তোলেন পরীমনি। পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। তবে রবিউল হোসাইন জানান, তার এক হাতে জন্মগত সমস্যা রয়েছে এবং অন্য হাত দিয়ে তিনি কাজ করেন। উল্টো পরীমনির বিরুদ্ধেই গালিগালাজ ও অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন তিনি।
মনোয়ারুল হক/
