জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ সেপ্টেম্বর): জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রর নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত এক স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) অংশগ্রহণ করেছেন।

এর মধ্য দিয়েই জাতিসংঘে বাংলাদেশ সরকারপ্রধানের আনুষ্ঠানিক ও কূটনৈতিক ব্যস্ততার সূচনা হলো।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতাদের পাশাপাশি তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত বিশ্বনেতারা নিজেদের জীবনসঙ্গীদের নিয়ে একে একে মঞ্চে আসেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উপস্থিত হয়ে ফটোসেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন।

এই প্রাতরাশ কর্মসূচি শেষ করেই সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের মূল সাধারণ পরিষদ হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে শুরু হওয়া ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন তিনি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন।

পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটি তাঁর প্রথম ভাষণ হতে যাচ্ছে এবং বরাবরের মতো এবারও তিনি বাংলায় বিশ্বমঞ্চে বক্তব্য প্রদান করবেন।

এছাড়াও, জাতিসংঘ অধিবেশনের এই ব্যস্ত দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ