বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের ক্যানভাসে লাল-সবুজের গল্প এঁকে আলোচনায় সঞ্জয় দেব
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ জুন) : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো আসরে বিশ্ববাসীর নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। তবে কেবল সুরের মূর্ছনায় নয়, আন্তর্জাতিক এই মঞ্চে নিজের পোশাকের মাধ্যমে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আর রয়্যাল বেঙ্গল টাইগারকে গর্বের সাথে উপস্থাপন করে কোটি বাঙালির হৃদয় জয় করে নিয়েছেন তিনি।
কানাডার বিএমও স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্যের অনুষ্ঠানে নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সাথে ফিফার নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয়। পারফরম্যান্সের সময় গায়ককে ছাপিয়ে আলোচনায় চলে আসে তার গায়ের বিশেষ জ্যাকেটটি। যেখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা এবং সুন্দরবনের ঐতিহ্যবাহী বেঙ্গল টাইগারের অবয়ব। গান গাওয়ার ফাঁকে বারবার নিজের জ্যাকেটের হাতার নকশাগুলো দর্শকদের দেখিয়ে যেন বুক ফুলিয়ে বলছিলেন—‘আমি বাংলাদেশি’।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সন্তান সঞ্জয় দেব প্রায় ২০ বছর আগে পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে প্রবাসে থাকলেও নাড়ির টান যে ভোলেননি, তারই প্রমাণ দিলেন বিশ্বকাপের মহোৎসবে। এ প্রসঙ্গে পারফরম্যান্সের আগেই সঞ্জয় আভাস দিয়েছিলেন যে, জীবনের এই অনন্য মুহূর্তটির জন্য তার বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। ছায়া কুমারের ডিজাইন, জন কিমের এমব্রয়ডারি এবং জেসমিন প্যাটেলের স্টাইলিংয়ে তৈরি সেই বিশেষ পোশাকটিই ছিল তার সেই সারপ্রাইজ।
অনুষ্ঠানের আগে প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেছিলেন, ‘আমি বিশ্বকাপের এই মুহূর্তের জন্য খুবই বিশেষ পরিকল্পনা করেছি। কারণ, এমন মুহূর্ত জীবনে বারবার আসে না।’ পরিবেশনার পর সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখেছে বিশ্ব। বাংলাদেশের প্রতীকসমৃদ্ধ পোশাকের মাধ্যমে তিনি নিজের শিকড়, সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।
বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ সঞ্জয় তার ফেসবুকে শেয়ার করেছেন। মাত্র ৬৫ সেকেন্ডের সেই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষের নজর কাড়ে। ভিডিওটি ১০ ঘণ্টায় ৬০ লাখের বেশি ভিউ হয়েছে এবং রিঅ্যাকশন এসেছে প্রায় সাড়ে ৩ লাখ। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ১০ হাজার এবং মন্তব্য এসেছে ৪ হাজারের বেশি। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১২ জুন কানাডা অঞ্চলের আয়োজনে সঞ্জয় দেবকে দেখা যায় এই বিশেষ কস্টিউমে। পোশাকটির নকশা করেছেন ছায়া কুমার, এমব্রয়ডারির কাজ করেছেন জন কিম এবং স্টাইলিং করেছেন জেসমিন প্যাটেল।
মনোয়ারুল হক/
