বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা, পারফরম্যান্সে তোলপাড় সামাজিক মাধ্যম!

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ জুন) : বর্ণিল আলো আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ কাঁপিয়েছেন ল্যাটিন পপ সাম্রাজ্যের রানি শাকিরা। নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়ের সঙ্গে সুর মিলিয়ে আসরের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই’-এর তালে কোটি কোটি ফুটবলপ্রেমীকে মাতান এই কলম্বিয়ান তারকা। তবে পারফরম্যান্স শেষ হতে না হতেই মাঠের সেই উন্মাদনা রূপ নিয়েছে তুমুল বিতর্কে। নেটদুনিয়ার একাংশের দাবি— মঞ্চে যাকে দেখা গেছে, তিনি আসলে প্রকৃত শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা ক্লোন!

আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য মিরর’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী এই পপ লিজেন্ডের চিরচেনা রূপের আকস্মিক পরিবর্তনই ভক্তদের মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে।

মঞ্চে শাকিরা ধরা দিয়েছিলেন হলুদ টপস, সাদা শর্টস আর স্নিকার্সে। তবে সবচেয়ে বড় রহস্য তৈরি করেছে তার চোখের বিশাল কালো সানগ্লাস, যা তার মুখের বেশিরভাগ অংশই আড়াল করে রেখেছিল। এখানেই শেষ নয়, শাকিরার সিগনেচার সোনালী চুল এবার দেখা গেছে হালকা স্ট্রবেরি লাল রঙে। চেনা অবয়বের বাইরে এমন অদ্ভুত লুক দেখেই নড়েচড়ে বসেছেন ভক্তরা।

অনুষ্ঠান চলাকালীনই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় মন্তব্যের বন্যা। শাকিরার আসল পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন হাজারো অনুরাগী।

এক ভক্ত বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ইনি কি সত্যিই শাকিরা? একেবারেই তো চেনা যাচ্ছে না! আমি কি ভুল দেখছি?”  স্প্যানিশ ভাষার এক নেটিজেনের মন্তব্য, “দয়া করে বলবেন না যে শুধু আমার একারই মনে হচ্ছে এটা শাকিরার কোনো বডি ডাবল ছিল!”

আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে শাকিরার বিকল্প বা নকল কাউকে কেন আনা হলো?” অন্য এক অনুরাগীর সন্দেহ, “মনের ভেতর খটকা লাগছে। আমার তো মনে হয় তিনি কোনো ছদ্মবেশী ছিলেন!”

ফুটবলের মহাযজ্ঞের সঙ্গে শাকিরার মেলবন্ধন আজকের নয়। এর আগে ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপেও নিজের কণ্ঠের জাদুতে ফুটবল দুনিয়াকে বুঁদ করে রেখেছিলেন তিনি। বিশেষ করে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’ আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ও জনপ্রিয় গান হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। তবে এবারের আসরের শুরুতেই গান ছাপিয়ে শাকিরার ‘আসল-নকল’ বিতর্কই এখন টক অব দ্য ওয়ার্ল্ড।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ