আগামী এক বছরের মধ্যেই ঢাকায় মিলবে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (নারায়ণগঞ্জ), এবিসিনিউজবিডি, (৮ জুন) : ঢাকা মহানগরীর পানির সংকট দূর করতে এক বিশাল সুখবর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জে নির্মাণাধীন অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যেই এই মেগা প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হবে। আর এটি পুরোপুরি চালু হলে রাজধানী ঢাকার বাসিন্দারা প্রতিদিন অতিরিক্ত ৫০ কোটি লিটার নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবেন।

আজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে চলমান ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী জানান, পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে নগরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এর সুফল পাবেন সাধারণ মানুষ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে। মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।’

মন্ত্রী জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আমাদের এভাবে পানি ব্যবহারের দিকে যেতে হবে

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আমরা আরেকটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছি, যেখান থেকে আরও ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। এই দুটি প্রকল্প মিলে প্রতিদিন ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার সরবরাহ করা সম্ভব হবে।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সাথে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলাসহ ঢাকার দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

প্রকল্প পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ