সেবামুখী ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ জুন) : পুলিশের নৈতিক মনোবল বৃদ্ধি এবং তাদের আরও সেবামুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা তিনটি ঘটনায় যেসকল পুলিশ সদস্য প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ভালো কাজের জন্য এই পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কারের যে সংস্কৃতি চালু হয়েছে, তা পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে আরও বেশি কর্তব্যনিষ্ঠ, আন্তরিক ও সততার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বিগত ২০২৪ ও ২০২৫ সালের অপরাধ চিত্রের তুলনামূলক পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং প্রতিটি ক্যাটাগরিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে।

মামলা তদন্তে পুলিশ কর্মকর্তাদের সরকারি বরাদ্দের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভবিষ্যতে তদন্ত কার্যক্রম, পোস্টমর্টেম ও পুলিশি টহল আরও গতিশীল করতে সরকারি বরাদ্দ বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বিগত সময়ে পলাতক থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক বা শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো প্রকার অনুকম্পা দেখানো হবে না। ইতোমধ্যে আলোচিত কর্মকর্তাদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী একাধিক বিভাগীয় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে যাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট বা দ-বিধির অধীনে মামলা রয়েছে, তারা দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের মাধ্যমে বিচারের সম্মুখীন হবেন। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী তিনটি বিশেষ কৃতিত্বপূর্ণ ঘটনায় ১৫ পুলিশ সদস্যের হাতে সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ