ব্রাহ্মণবাড়িয়ায় বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় বাস খাদে, নারী ও শিশুসহ ৪ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া), এবিসিনিউজবিডি, (৮ জুন) : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে সরাইল উপজেলার বৈশ্বামোড়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ‘দিগন্ত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বৈশ্বামোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা বা চাপা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকেই চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আরস আলী মুন্সি (৭০), সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। মৌসুমি দাস (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। বাকি নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন শিশু রয়েছে, যাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপরীতমুখী ট্রাকের চাপায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মনোয়ারুল হক/
