জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ মার্চ) : জ্বালানি তেলের চোরাচালান ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, বৈঠকে জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে সীমান্ত দিয়ে তেল চোরাচালান রোধে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বৈঠকে সম্প্রতি ঈদে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অধ্যাদেশ নিয়ে আলোচনার বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, আজ অধ্যাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামীকাল রোববার (২৯ মার্চ) দুপুরে অধিবেশন শুরুর আগে সরকার দলের বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ