আগস্টে বাংলাদেশে আসছে ভারত, স্থগিত আয়ারল্যান্ড সফর

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ মার্চ) : দীর্ঘদিন পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৫ সালে স্থগিত হওয়া সিরিজটি এবার নতুন করে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। খসড়া সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। যদিও ভেন্যুগুলো এখনো চূড়ান্ত হয়নি।

ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজনের কারণে পূর্বনির্ধারিত আয়ারল্যান্ড সফর স্থগিত করতে হয়েছে বিসিবিকে। এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তাদের ব্যস্ত সূচির কারণে ২০২৬ সালের মধ্যে নতুন সময় নির্ধারণ সম্ভব হয়নি। ফলে আপাতত সফরটি স্থগিত রাখা হয়েছে। বিসিবি আশা করছে, ২০২৭ সালে নতুন করে সময় নির্ধারণ করা যাবে।

এদিকে, আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে এক ধাপ এগিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে শীর্ষ আটে থাকতে হবে টাইগারদের। তাই সামনে প্রতিটি সিরিজই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজগুলো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলটি।

এর পাশাপাশি আগামী মাসগুলোতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরও রয়েছে বাংলাদেশের সূচিতে। সব মিলিয়ে ব্যস্ত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ মিশনে নামছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ