ঈদের দিন সকাল থেকে ২৪ ঘণ্টায় সড়কে প্রাণ গেল ৩৮ জনের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ মার্চ) : ঈদের দিন সকাল ৮টা থেকে ঈদের পরের দিন সকাল ৮টা পর্যন্ত ১৫ জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন, হবিগঞ্জে ৫ জন , ময়মনসিংহে ৪, নাটোরে ২, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে ২ , ঝিনাইদহে ২, কিশোরগঞ্জে ২ এবং  নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ৩০ জন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লায় নিহত ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়াও ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জে নিহত ৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ।

তিনি জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিল। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিল নাকি সিলেট থেকে ফিরছিল তা বোঝা যাচ্ছে না।

এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামের এক শিশু। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের সালামতপুরস্থ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মিম তার মায়ের সঙ্গে কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে বিকেলে টমটম যোগে সালামতপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। পথিমধ্যে পেট্রোল পাম্পের সামনে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাস (চট্ট-মেট্রো-গ ১১-৫৪২৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ফেনীতে নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।

নড়াইলে নিহত ১

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকাল তিনটার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক।

নিহত মো. রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঈদের নামাজ শেষ করে রাব্বী তাঁর বন্ধু রোমান ও ভাগ্নে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সকাল থেকে বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায়। বিকালে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসছিল । এসময় সদর উপজেলার ধোন্দা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে  পড়ে যায় ৷ এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফরিদপুরে নিহত ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানায় শনিবার দুপুরে  মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেলো এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ। নিহত শিক্ষার্থীর নাম জিহাদ শেখ, সে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।  নিহত জিহাদ একই ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়,  শিয়ালদী গ্রামের ফুফাতো ভাই রনির মোটরসাইকেল যোগে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয় জিহাদ, ঘোরাঘুরির এক পর্যায়ে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানায় পৌঁছালে পিচ্ছিল সড়কে দুপুর দেড়টার দিকে  নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা।

প্রত্যক্ষদর্শিরা জানান, বিভিন্ন ইট ভাটার ট্রলিতে পরিবাহনকৃত মাটি ঝরে পড়ায় দুদিনের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়, দুর্ঘটনা স্থলে পৌঁছালে পিচ্ছিল সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা।

এসময় পিছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে আঘাত লেগে মারাত্মক আহত হন আরোহী জিহাদ শেখ।  স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় জানান- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।কামরুল সিকদার।

চট্টগ্রামে নিহত ২

ঈদে বাড়ি যাওয়ার সময় ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চট্টগ্রামের মীরসরাইয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক আইয়ুব (৪৫)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। অর্ণব করপোরেশনসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আইয়ুব।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিজের ব্যক্তিগত প্রাইভেটকার ড্রাইভ করে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার স্বজনদের সাথে ঈদ করতে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথিমধ্যে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনার স্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী। চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে নিহত ৪

ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কের তারাকাান্দা উপজেলার শিমুলিয়া (ভান্ডারি) এলাকাায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে সিএনজির একজন মেয়ে শিশুসহ ২ জন যাত্রী  নিহত ও অপর  ৩ জন যাত্রী আহত হয়েছে। দূর্ঘটনায় নিহত ও আহদের  পরিবারের মাঝে ঈদের আন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের  আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (১৮), ও একই উপজেলার বারহা গ্রামের গোলাম মোওলার মেয়ে রিতি (৮)।  শনিবার ২১ মার্চ  ঈদেরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে  এ দূর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায় আজ শনিবার ঈদের দিন দুপুরে একটি সিএনজি পূর্বধলা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দা উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রী রুবেল মিয়া(১৮) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সিএনজির এবং মোটরসাইকেলের চালকসহ মোট ৫ জন আহত হয়।

স্থানীয় জনতা গুরুতর আহতদের উদ্ধার করে  ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করে । সেখানে চিকিৎসাধিন অবস্থায় রিতি (৮) নামে একজন মেয়ে শিশু  মারা যায়। এ নিয়ে দুই জন নিহত হয় ও  অপর  ৩ জন  যাত্রী আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িযা উপজেলার  পোরবাড়ি গ্রামের মৃত জিয়াউল হুদার ছেলে  মোজাহিদ (১৮), বড়ভাই সিহাদোজুল্লাহ (২২) এবং চাচা শফিকুল ইসলাম (২৩)। আহদের অবস্থাও আশংকাজনক বলে জানাযায়।

এদিকে ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। দুজনই বাসের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি বাস উপজেলার ঢাকা-ময়মনসিংহ ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন। এতে আরও অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হন ৩০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই বাসের যাত্রী। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝিনাইদহে নিহত ২

ঝিনাইদহের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে তিনজন। শনিবার বিকেলে ঝিনাইদহ নগরবাথান বাজার ও মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার বাগআঁচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল গফুর ও মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার আবুল কাশেমের ছেলে রনি হোসেন।

পুলিশ জানায়, শনিবার সকালে ঈদের নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় স্কুলছাত্র আব্দুল গফুর। দুপুরের দিকে নসিমন গাড়িতে করে সাউন্ডবস্ক্র বাজিয়ে নাচতে নাচতে ঝিনাইদহের জোহান পার্কে যাচ্ছিল। পথে নগরবাথান বাজারে পৌঁছালে নসিমন গাড়ি থেকে আব্দুল গফুর ছিটকে সড়কের পাশে পড়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় রনি। পথে কেশবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।

নাটোরে নিতহ ২

নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার বিকেল ও রাতে জেলার হরিশপুর ও শহরের একডালা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নাটোরের হরিশপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত ব্যক্তি ট্রাক চালকের সহকারী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর এলাকায়। শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে, নাটোর শহরের একডালা নতুন পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাদারীপুরে নিহত ১

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

চুয়াডাঙ্গা নিহত ১

চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার বাসিন্দা স্বপনের ছেলে।

গোপালগঞ্জে নিহত ১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।

নারায়ণগঞ্জে নিতহত ১

আড়াইহাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (ঈদের দিন) রাত ১১টার দিকে রামচন্দ্রদী–গোপালদী সড়কের দাইরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানে আহত ৩০

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

কিশোরগঞ্জে নিহত ২

কিশোরগঞ্জের কুরিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত একজন হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।

গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই করা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির। কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি পালিয়ে গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ