কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, নিখোঁজ ১
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ মার্চ) : কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২২ মার্চ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানের ফলে হেলিকপ্টারে থাকা ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষায়িত দলগুলো নিবিড় প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ বা আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
রবিবার সকালে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মিত মিশন চলাকালে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে একটি হেলিকপ্টার দেশটির আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়েছে।
কারিগরি ত্রুটি ছাড়া এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি এবং দুর্ঘটনাটি যে শত্রুপক্ষের আক্রমণের ফল, তারও কোনো ইঙ্গিত ছিল না।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে কাতার বারবার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। দেশটির রাস লাফান শিল্প শহর, যা বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি উৎপাদন কেন্দ্র, একাধিকবার আক্রান্ত হয়েছে। – আনাদুলো অ্যাজেন্সি
মনোয়ারুল হক/
