সব রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগনাল চালু করা হবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা), এবিসিনিউজবিডি, (২২ মার্চ) : কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের পর দেশের মহাসড়কের উপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।

রবিবার (২২ মার্চ) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া মরদেহ বাড়িতে পৌঁছানোর জন্য মৃতদের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে, মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।

গতকাল শনিবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ