কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবার পাবে ১ লাখ: রেল প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা), এবিসিনিউজবিডি, (২২ মার্চ) : বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রবিবার (২২ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। আহতদের চিকিৎসার প্রয়োজনে ঢাকা নেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের এক লাখ করে টাকা দেওয়া হবে।’

এ দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘রেল ক্রসগুলো অটোমেটিক করার কাজ করা হবে। দুজন রেল কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে। দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

এ দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনটি শিশু রয়েছে। নিহতরা হলেন- যশোর জেলার পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬) ও তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্মীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯)।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত ২টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ