নতুন নেতা মোজতবাকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি পুতিনের ‘অবিচল’ সমর্থন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মাঝেই ইরানের প্রতি রাশিয়ার ‘অবিচল’ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (৯ মার্চ) তেহরানের পাশে থাকার অঙ্গীকার করে পুতিন বলেন, ‘ইরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আমি নিশ্চিত করতে চাই।’

ইরানের নতুন নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ পাওয়ার ঘটনায় পুতিন তাকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, ইসরায়েল ইতোমধ্যেই খামেনির উত্তরসূরিকে ‘লক্ষ্যবস্তু’ করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

এএফপি-র প্রতিবেদন অনুযায়ী পুতিন বলেছেন, রাশিয়া তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে।

মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে পুতিন জানান, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার পিতার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

মোজতবা খামেনিকে উদ্দেশ্য করে পুতিন বলেন, ‘এমন এক সময়ে যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে, এই উচ্চ পদে আপনার দায়িত্ব পালনের জন্য নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার প্রয়োজন হবে।’

এর আগে শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য, দেশের রাজনৈতিক ও সামরিক নেতা এবং অসংখ্য বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন সংঘাত বন্ধে রাশিয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছেন এবং যেকোনো সমস্যা সমাধানে শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন। অন্যদিকে, ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় দেশটির জনগণের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশের জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে সোমবার ইরান দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে পরবর্তী শাসক হিসেবে মনোনীত করেছে। ১৯৬৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণকারী মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছয় সন্তানের একজন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ