অর্থনীতির গণতান্ত্রিকীকরণ সরকারের অন্যতম লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : ঋণব্যবস্থা থেকে বেরিয়ে কীভাবে কর বাড়ানো যায় সেদিকে সরকার মনোযোগ দিচ্ছে। অর্থনীতির গণতান্ত্রিকীকরণ এ সরকারের অন্যতম লক্ষ্য। দেশের উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষ পেতে পারে সেটার উপর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সোমবার (৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ঘাটতি ছিল তা দূর করার চেষ্টা চলছে। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। কীভাবে এই অভিঘাত মোকাবিলা করা যায় তা চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। ঋণব্যবস্থা থেকে বেরিয়ে কীভাবে কর বাড়ানো যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী অর্থনীতির গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করা হচ্ছে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার কীভাবে হবে সে ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও মনোযোগ দেওয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্যকে কীভাবে সম্প্রসারণ করা যায় তা দেখা হচ্ছে। বিশেষ করে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।’
ঢাকা চেম্বারের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
মনোয়ারুল হক/
