গণভোটের প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ জানুয়ারি) : সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে গণভোটসংক্রান্ত প্রচারের জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। একই সঙ্গে গণভোটের প্রচারে ইসির জনসংযোগ শাখা ব্যয় করছে ৪ কোটি টাকা।

নির্বাচন কমিশনের বাজেট শাখা সূত্রে জানা গেছে এসব তথ্য।

ইসির বাজেট শাখা থেকে জানা যায়, গণভোটের প্রচারে ছয়টি মন্ত্রণালয় প্রায় ১৪০ কোটি টাকা ব্যবহার করবে। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ৪৬ কোটি, তথ্য মন্ত্রণালয় ৪ কোটি ৭১ লাখ, ধর্ম মন্ত্রণালয় ৭ কোটি, স্থানীয় সরকার বিভাগ ৭২ কোটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় ৪ কোটি ৫২ লাখ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এর মধ্যে চারটি মন্ত্রণালয় ইতোমধ্যে অর্থ বরাদ্দ পেয়ে গেছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর তাদের জন্য বরাদ্দ করা অর্থ পাবে।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মোট বরাদ্দ রয়েছে ৩ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় হবে ১ হাজার ৪০০ কোটি টাকা, নির্বাচন ও গণভোট পরিচালনায় ব্যয় হবে ১ হাজার ২০০ কোটি টাকা।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ