খালেদাকে ৫ অক্টোবর হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৫ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন আদালতে খালেদা জিয়া হাজির না থাকলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আদেশ দেওয়া হবে।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম নুর নবী এই আদেশ দেন। এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি না এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য ছিল। গত বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছিল।

২০১৬ সালের ৩ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত তেজগাঁও থানা-পুলিশকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে প্রয়াত জিয়াউর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়। ২২ মার্চ উক্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৮১ সালের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে জিয়াউর রহমান তাঁকে হুমকি দেন ও অবরুদ্ধ করে রাখেন। ২০০১ সালে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করে সরকার গঠন করেন। খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর নেতা-কর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তাদের বাড়িতে এবং গাড়িতে তুলে দিয়েছেন। যার দ্বারা মুক্তিযুদ্ধ ও মানচিত্র এবং জাতীয় পতাকাকে অপমানিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ