কামারুজ্জামানের পুনর্বিবেচনা আবেদনের শুনানি দিন ধার্য রোববার

kamruzzaman khanআব্দুল মান্নান, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। আগামী রোববার এ আবেদনের শুনানির দিন ধার্য হতে পারে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন। পরে রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ মার্চ (রোববার) পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষ বলেছে, শুনানি হওয়া দরকার। আদালত বলেছেন, রোববার তারিখ জানিয়ে আদেশ দেওয়া হবে।
২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগও কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে কারাগারে পাঠালে কারাগারে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, আসামিপক্ষ পুনর্বিবেচনার আবেদন করায় মৃত্যু পরোয়ানার কার্যকারিতা স্থগিত হয়ে গেছে। তবে তিনি মনে করেন, পুনর্বিবেচনায় আপিল বিভাগের রায় পরিবর্তিত হবে না। পুনর্বিবেচনার আবেদন করা হয় যাতে আদালত রায়ে কোনো ভুল করে থাকলে তা শুধরে নিতে পারেন। এ ক্ষেত্রে রায়ে কোনো ভুল হয়নি।
আসামিপক্ষ জানায়, ৪৪টি যুক্তি তুলে ধরে পুনর্বিবেচনার আবেদনে তাঁরা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও খালাস চেয়েছেন। এই আবেদন জমা দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের রায়ে একজন বিচারপতি ফাঁসির আদেশের বিষয়ে ভিন্নমত দিয়েছেন। ওই বিচারপতির যুক্তিগুলো ধরেই পুনর্বিবেচনার আবেদনের শুনানি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ