সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ নভেম্বর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সাথে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালির নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালির শুভ সূচনা করেন সরকারপ্রধান। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতিতে ওই র্যালিটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এ সময় স্লোগানে মুখর নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি সংবলিত প্ল্যাকার্ড।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন সড়ক, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থিত মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এর আগে দুপুর পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।
এছাড়াও র্যালিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উক্ত র্যালিতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের তৃণমূল ও সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।
দীর্ঘ দুই দশক পর বিএনপি নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করছে। বিগত ফ্যাসিবাদী আমালে এই ঐতিহাসিক দিবসটি নিয়ে নানা অপপ্রচার চালানো হয়েছিল এবং বিকৃত করা হয়েছিল এর ইতিহাস। যার ফলে নতুন প্রজন্ম এই দিবসের প্রকৃত ঘটনা, এর প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অজ্ঞাত ছিল। বর্তমান সরকারের আমলে জাতি প্রথমবারের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ লাভ করেছে।
মনোয়ারুল হক/
