নিজেদের মাঠে ৫ উইকেট পাওয়ার আনন্দ অনেক
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ নভেম্বর): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট শিকার করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ঘরের মাঠে টেস্টে এটি তাঁর প্রথম পাঁচ উইকেটের মাইলফলক।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়াটা সব সময়ই আমার জন্য খুবই স্পেশাল। নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, তাই অনুভূতিটা অনেক আনন্দের।’ এর আগে ক্যারিয়ারে চারবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেও, তার সবগুলোই ছিল বিদেশের মাটিতে।
নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ২৭ বছর বয়সী এই পেসার জানান, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সবসময়ই স্পেশাল। আমি জিনিসগুলো খুব সহজ রাখার চেষ্টা করি। কন্ডিশন যেমনই হোক, দলের চাওয়া অনুযায়ী বোলিং করা এবং ডিসিপ্লিন ধরে রাখাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
সিলেটের কন্ডিশন পেসারদের জন্য সহায়ক হলেও পিচ দ্রুত চরিত্র বদলায় বলে উল্লেখ করেন হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের উইকেটে আমরা যখন খেলেছি, মুভমেন্ট থাকে, আকাশ মেঘলা থাকে। বেশিরভাগ সময় ফাস্ট বোলারদের পক্ষেই থাকে কন্ডিশন। কিন্তু এই উইকেটটা সম্ভবত প্রথম এক-দুই ঘণ্টা পর খুবই ফ্ল্যাট হয়ে গিয়েছিল, পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি। তবে আমি আর তাসকিন ভাই চেষ্টা করেছি লাইন মেইনটেইন করে বল করার এবং কনসিস্টেন্সি বজায় রাখার।’
এদিকে হাসানের অসাধারণ বোলিংয়ের দিনেও ব্যাটিংয়ে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ ৩৫৬ রানের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। সফরকারীদের চেয়ে এখনো ২৬৮ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক দল।
মনোয়ারুল হক/
