মার্কিন কোম্পানিকে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ নভেম্বর): আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে মার্কিন উদ্যোক্তাদের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই প্রদর্শনী শুরু হয়।
অনুষ্ঠানে স্পিকার উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব অত্যন্ত শক্তিশালী। কূটনৈতিক সম্পর্কের পরিধি ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও সুদৃঢ় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গত তিন দশক ধরে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে অ্যামচ্যামের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এবারের প্রদর্শনীতে কৃষি ব্যবসা, শিক্ষা, উৎপাদনশিল্প, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, আইসিটি, জ্বালানি এবং স্বাস্থ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতের আধুনিক উদ্ভাবনগুলো সামনে এসেছে। দেশের বর্তমান জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর অংশগ্রহণ অত্যন্ত ফলপ্রসূ হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিনব্যাপী (৫ থেকে ৭ নভেম্বর) এই আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বিশেষ অতিথি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যামচ্যামের সভাপতি সৈয়দ কামাল হোসেন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, মার্কিন প্রতিনিধিদল এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
