দায়িত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ অক্টোবর): দেশের প্রতি নাগরিকদের দায়িত্ববোধ ও ভালোবাসার ওপর জোর দিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদের এই মাতৃভূমিকে এগিয়ে নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, আমাদের মতো চমৎকার দেশ এবং এত সহায়ক শক্তি অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই গভীর দেশপ্রেম নিয়েই আমাদের সবার কাজ করে যাওয়া উচিত।
বুধবার শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন : ২০২৬’- এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১৭ টি রেডিও থেরাপি মেশিন বসানো হবে। এর মাঝে ৬ টি থাকবে রাজধানীতে এবং বাকি ১১ টি দেশের অন্যান্য অঞ্চলে স্থাপন করা হবে।
তিনি আরও যোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি অতীতে দেশের টানে যুদ্ধ করেছি। সেসময়ে মুক্তিযুদ্ধ ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখন আমার মূল চ্যালেঞ্জ হলো এই স্বাস্থ্য খাতের জন্য দৃশ্যমান কিছু কল্যাণকর কাজ করা।
মন্ত্রী আরও বলেন, যখন আমি এই দায়িত্বভার গ্রহণ করি, তখন পুরো মন্ত্রণালয়টি ছিল চরম অনিয়ম ও দুর্নীতির আখড়া। যে রেডিওথেরাপি মেশিনের প্রকৃত আমদানি ব্যয় ছিল ১১ কোটি টাকা, তার খরচ দেখানো হয়েছিল ১৮ কোটি টাকা। প্রতিটি ক্ষেত্রেই এমন নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান ছিল। তবে আমরা এখন সেই অবস্থার আমূল পরিবর্তন ঘটাচ্ছি।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে দেশি-বিদেশি অসংখ্য চিকিৎসক ও গবেষক অংশ নেন।
মনোয়ারুল হক/
