১০ বছরের সাজার রায় থেকে খালাস চেয়ে ইনুর আপিল
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ অক্টোবর): জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড চ্যালেঞ্জ করে পুরোপুরি খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যদিকে, এই সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আপিল করেছে প্রসিকিউশন পক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাসানুল হক ইনুর আইনজীবীর মাধ্যমে এই খালাসের আবেদন জমা দেওয়া হয়।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনা মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও, আদালত তিনটি সাজা একযোগে কার্যকর করার নির্দেশ দেওয়ায় তাকে সব মিলিয়ে ১০ বছর কারাভোগ করতে হবে বলে রায়ে জানানো হয়।
এর বাইরে, অভিযোগগুলো প্রমাণিত না হওয়ায় বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি বা খালাস দেন ট্রাইব্যুনাল।
রায়ের পর গত ৫ অক্টোবর প্রসিকিউশনের পক্ষ থেকে সাজা বাড়ানোর আর্জি জানিয়ে আপিল করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি, প্রমাণিত তিন অভিযোগে ইনুর সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। পাশাপাশি, যেসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল, সেগুলোতেও অপরাধ প্রমাণিত হয়েছে বলে গণ্য করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনাবলি সংক্রান্ত আরও একটি মামলার বিচারিক কার্যক্রম চলছে তার বিরুদ্ধে।
মনোয়ারুল হক/
