নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ অক্টোবর): সচিবালয়ে নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে রাখা এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ভ্রাম্যমাণ পরীক্ষাগারের ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার পুরো পদ্ধতি স্বচক্ষে দেখেছেন সরকারপ্রধান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ল্যাবটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।
খাদ্যে ভেজাল রোধ এবং তদারকি কার্যক্রম আরও বেগবান করার জন্য দেশজুড়ে বিশেষ অভিযান চলছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে খাদ্য পরীক্ষার এই কার্যক্রম চলমান রয়েছে, যা পর্যায়ক্রমে দেশের সব কটি জেলায় বিস্তৃত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর একটি প্রকল্পের আওতায় মোট ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়াধীন রয়েছে।
খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির অভিনব ব্যবস্থাও রাখা হয়েছে এই ল্যাবগুলোতে। ভ্যানের বাইরে থাকা মনিটরে নিয়মিত প্রচার করা হচ্ছে নিরাপদ খাদ্য সম্পর্কিত সচেতনতামূলক বিভিন্ন ভিডিও।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
মনোয়ারুল হক/
