সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৪ অক্টোবর): সৌদি আরবে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শ্রম উইং সার্বক্ষণিক যোগাযোগ ও খোঁজখবর রাখছে। দুর্ভাগ্যজনকভাবে এই হামলায় আমাদের দুজন প্রবাসী নাগরিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছি। বিশেষ করে, আহত এক প্রবাসীরিতার বাবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।’
এই সংকটময় মুহূর্তে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী জানান, যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের নির্দিষ্ট হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়া বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন হয়রানির মুখোমুখি হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, প্রবাসীদের যেকোনো যৌক্তিক সমস্যার তাৎক্ষণিক সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর। বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্য সরাসরি minister.expat@gmail.com এই ইমেইলে প্রেরণের জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।
এ সময় মন্ত্রী আরও জানান, ‘নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীরা যেন কোনো ধরনের বাধা ছাড়া নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন, সেজন্য তাদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে মহিলা হোস্টেল এবং উন্নত চিকিৎসা সহায়তার জন্য নির্ধারিত ৫ শয্যার হাসপাতালটি আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবায়ন করতে আগামী ৭ নভেম্বর এই শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যোমে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
