রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ অক্টোবর): সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সমস্ত ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় ও তারিখের সঙ্গে মিল রেখে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী আপডেট এবং পরিবর্তিত সময়সূচি সম্পর্কে যাত্রীদের যথাসময়ে অবহিত করা হবে বলে জানিয়েছে বিমান।
এই পরিস্থিতিতে জরুরিভিত্তিতে সৌদি আরব যাতায়াত বা দেশে ফেরার জন্য যাত্রীদের জেদ্দা এবং মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, ফ্লাইট বাতিলের ফলে যেসব যাত্রী বিপাকে পড়েছেন, তাদের টিকিট ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য সহযোগিতার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোর বর্তমান পরিস্থিতি ও যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
মনোয়ারুল হক/
