আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগ প্রসারে উচ্চপর্যায়ের বৈঠক

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ অক্টোবর): বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক চালকসহ দক্ষ পেশাজীবীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অংশীদারিত্ব দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি একটি অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

বৈঠকের শুরুতে দুই দেশের ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইসলামি ভ্রাতৃত্বের শেকড় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যে শক্ত ভিত রচিত হয়েছিল, তা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন উভয়পক্ষ।

এছাড়া, সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, জনগণের পারস্পরিক যোগাযোগ ত্বরান্বিত করা এবং আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশগম্যতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয় এ বৈঠকে।

বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি হিসেবে ট্যাক্সি এবং ট্রাক চালকের পেশায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে উভয় প্রতিনিধি ফলপ্রসূ মতামত বিনিময় করেন।

একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি বাড়ানো, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত করা, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং কৌশলগত অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পখাতে নতুন অংশীদারিত্ব গড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিশেষে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব সম্ভাবনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আগামীতে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সূত্র: বাসস    

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ