বাজেটে তরুণ ও নারী উদ্যোক্তাদের ৪০০ কোটি টাকার বিশাল বরাদ্দ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ জুন) : দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেম ও তরুণদের ব্যবসায়িক উদ্যোগকে আরও বেগবান করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এক বড় চমক আসছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং নারী ও তরুণদের স্বাবলম্বী করার লক্ষ্যে মোট ৪০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘স্টার্ট-আপ তহবিল’ খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে এই খাতে বরাদ্দ বাড়িয়ে উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ সময় অর্থমন্ত্রী নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরে তিনি বলেন, ঢাকা মহানগরের অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এডিপির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ও বরাদ্দ বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুব ও ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পান, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ