দক্ষ বাংলাদেশি জনশক্তি নিতে মরক্কোকে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ জুন) : বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে মরক্কোর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিশেষ করে দেশটির স্বাস্থ্য, কৃষি, আবাসন অবকাঠামো, তৈরি পোশাক ও বস্ত্র খাত এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) শিল্পের মতো সম্ভাবনাময় খাতগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের তাগিদ দেন তিনি।

আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর নতুন আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির এক বিশাল দিগন্ত উন্মোচিত রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুই দেশের চমৎকার ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের স্মৃতি স্মরণ করেন। মরক্কোর রাজধানী রাবাতে শহীদ জিয়ার নামে একটি সড়কের নামকরণ করার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

সাক্ষাৎকালে দেশের সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে, যার সুফল ইতিমধ্যে বাংলাদেশ পেতে শুরু করেছে।

পাশাপাশি, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে মরক্কোর দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। আগামীদিনেও এই মানবিক ইস্যুতে মরক্কো বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ