নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ মে) : আশির দশকের জনপ্রিয় প্রতিভার অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ির আদলে ক্রীড়াক্ষেত্রেও শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিনে বেলা পৌনে ৩টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ৮ মিনিটে তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় দেশের ৬৪ জেলা স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। সবগুলো ভেন্যুতে ভার্চুায়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
তৃণমূল থেকে মেধা অন্বেষণ ও সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি করা এই কর্মসূচির উদ্দেশ্য। সারা দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এই প্রতিভা অন্বেষন কর্মসূচিতে অংশ নিবেন। মোট ডিসিপ্লিনের সংখ্যা ৮টি।
ডিসিপ্লিনগুলো হলো- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট। পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর পেরিয়ে ঢাকার চূড়ান্ত পর্বের মাধ্যমে সমাপ্ত হবে এই কর্মসূচির।
উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর। তত্ত্বাবধায়নে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাদের। এ সময় শিশু-কিশোরদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মনোয়ারুল হক/
