টিটন হত্যার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ মে) : রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। তারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও রেকর্ড ছড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২৮ এপ্রিল রাতে টিটনকে হত্যার পর শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ড ছড়িয়ে ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ১১ ভাই-বোনের মধ্যে তাদের পরিবারের সম্পর্ক ভালো। কোনো পারিবারিক দ্বন্দ্ব নেই।’
হত্যাকাণ্ডের নেপথ্যে এলাকায় আধিপত্য বিস্তার এবং কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণের বিষয়টি জড়িত থাকতে পারে বলে ধারণা পরিবারের। রিপনের ভাষ্য, মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রভাব বিস্তারের অংশ হিসেবেই টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অডিও রেকর্ডের সত্যতা যাচাইয়ে ফোন ফরেনসিক পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, তার নিজের ফোন পরীক্ষায় দিতে তিনি প্রস্তুত। একইসঙ্গে পিচ্চি হেলালের ব্যবহৃত সব মোবাইল ফোনও জব্দ করে ফরেনসিকে পাঠানোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হত্যার আগে টিটন হুমকির বিষয়টি তাদের জানিয়েছিলেন।
নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। পাশাপাশি মামলার বাদী হিসেবে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন রিপন।
মনোয়ারুল হক/
