প্রায় ১৯ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠিয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় প্রায় ১৯ হাজার প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ইতোমধ্যে ১৮ হাজার ৮৫৩ জন প্রবাসীর এনআইডি সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে গত ৩ মার্চ পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের ভোটার কার্যক্রমের আওতায় বিভিন্ন দেশ থেকে আসা আবেদন যাচাই–বাছাই শেষে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৫ জনের এনআইডি প্রিন্ট করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা মিশনে পাঠানো হয়েছে, যেখান থেকে প্রবাসীরা তা সংগ্রহ করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকা।

এ পর্যন্ত মোট ৮২ হাজার ৯৭৬ জন প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তদন্ত ও যাচাই–বাছাই শেষে ১৮ হাজার ৪৫৪টি আবেদন বাতিল হয়েছে। অন্যদিকে কমিশনের অনুমোদন পেয়েছেন ৩৯ হাজার ৭ জন। বর্তমানে আরও ৩ হাজার ৬৬টি আবেদন তদন্তাধীন রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদিত আবেদনকারীদের মধ্যে ১৮ হাজার ৮৬৫ জনের এনআইডি ইতোমধ্যে প্রিন্ট করা হয়েছে। এ ছাড়া আরও ৫ হাজার ৩৯৮ জনের এনআইডি প্রিন্টের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।

দেশভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এ দেশ থেকে ২৩ হাজার ৭৬ জন আবেদন করেছেন, যার মধ্যে ৯ হাজার ১০ জনের এনআইডি প্রিন্ট করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে ১৫ হাজার ৩৪৯ জন আবেদন করেছেন এবং তাদের মধ্যে ৪ হাজার ২৪৪ জনের এনআইডি প্রস্তুত হয়ে দূতাবাসে পাঠানো হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। দেশটি থেকে মাত্র ১১৫টি আবেদন জমা পড়েছে এবং এখনো কোনো এনআইডি প্রিন্ট করা হয়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ