জিটিএ৬ ফ্লু’তে আক্রান্ত বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ নভেম্বর): বিশ্বের বিনোদন জগতে অদ্ভূত এক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় ১৯ নভেম্বর প্রথম প্রহরে বিশ্বজুড়ে আনলক হওয়ার পর থেকেই ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ৬)’ নিয়ে চলছে নানামাত্রিক উন্মাদনা।
পশ্চিমা গণমাধ্যম এই পাগলামির নাম দিয়েছে ‘জিটিএ ফ্লু’। ১৩ বছরের অপেক্ষার পর জিটিএ৬ পেয়ে প্রথম দিনেই অন্তত আড়াই কোটি মানুষ গেমটি খেলেছেন। অপেক্ষায় আছেন আরো অনেকে।
জিটিএ৬এর মুক্তিতে অর্থনীতিতেও সমুদ্রের ঢেউয়ের মতো আলোড়ন সৃষ্টি হয়েছে।
রকস্টারের ঘরে যেমন অর্থের জোয়ার, কর্মীরা ছুটি নেওয়ায় অনেক অফিসের আয়ের ঘরে ভাটার টান। সব মিলিয়ে জিটিএ৬ নিয়ে বিশ্বজুড়ে যা হচ্ছে, তাকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা।
বাজার বিশ্লেষক সংস্থা সেনসর টাওয়ারের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে গেমটির প্রায় ২ কোটি ৪৬ লাখ কপি বিক্রি হয়েছে। যেহেতু একটি কনসোলে পরিবারের একাধিক সদস্য বা বন্ধুরাও খেলেন, তাই মোট খেলোয়াড়ের সংখ্যা ইতিমধ্যে আড়াই কোটি ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
লাইভ প্লেয়ার ট্র্যাকার অ্যাক্টিভ প্লেয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেকোনো সময় গড়ে ৭৫ লাখ থেকে ১ কোটি ১০ লাখ মানুষ একসাথে জিটিএ ৬ খেলছেন।
জিটিএ৬ বানাতে ১ থেকে দেড় বিলিয়ন ডলার খরচ হয়েছে। তবে প্রথম দিনেই গেমটি থেকে প্রায় ২.৩৬ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা বিনোদন জগতের ইতিহাসে যেকোনো সিনেমা, গান বা ভিডিও গেমের প্রথম দিনের আয়ের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে রকস্টারের ঘরে লাভের জোয়ার এলেও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবও কম নয়। বিভিন্ন জরিপ ও
বিশ্লেষকদের অনুমান অনুযায়ী, গেমটি খেলার জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ কর্মী ছুটির আবেদন করেছেন বা অসুস্থতার অজুহাতে কাজে অনুপস্থিত থাকছেন।
এতে এক দিনে দেশটির উৎপাদনশীলতায় প্রায় ১ বিলিয়ন ডলারের সাময়িক ঘাটতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান গো-হিউম্যানাইজ’এর তথ্যমতে, যুক্তরাজ্যে প্রায় ১৭ লাখ কর্মী প্রথম দুই দিনে অসুস্থতার ছুটি নিতে পারেন, যা দেশটির কর্মঘণ্টায় প্রায় ৩৪৬ মিলিয়ন ডলার (২৬৪ মিলিয়ন পাউন্ড) সমমূল্যের কাজ পিছিয়ে দিতে পারে।
ছুটির হিড়িক যে পড়তে পারে, অনেক প্রতিষ্ঠান আগেই এমন ধারণা করেছিল। কর্মীদের অনুপস্থিতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠান আগেভাগেই ছুটি ঘোষণা করেছে। যেমন, প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক তাদের ৭ হাজার কর্মীকে সবেতন ছুটি দিয়েছে এবং আরো কিছু কম্পানি জিটিএ৬ মুক্তির দিনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে।
অর্থনীতিতে জিটিএ৬এর নেতিবাচক প্রভাব আরো দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা কারো কারো। কারণ এটি একদিনে খেলার গেম নয়। খুব বিশেষজ্ঞ হলেও কমপক্ষে ৮০ ঘণ্টা লাগতে পারে। যেহেতু টানা খেলা কারো পক্ষেই সম্ভব নয়। তাই খুব বিশেষজ্ঞ হলেও সপ্তাহ পেড়িয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে মাসের পর মাস এমনকি বছরও লেগে যেতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, জিটিএ৬ এর যে প্রভাব তা সাময়িক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও সিয়াটল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদরা কর্মঘণ্টার ক্ষতির হিসাবকে ‘সাময়িক স্থানান্তর’ হিসেবে দেখছেন, স্থায়ী ক্ষতি হিসেবে নয়।
কারণ কর্মীরা বছরের অন্য কোনো সময়ে যে ছুটি নিতেন, সেই ছুটিই এখন নিচ্ছেন। ফলে সারা বছরের মোট কর্মঘণ্টায় বড় কোনো পরিবর্তন আসছে না। তাছাড়া অফিসের জমে থাকা কাজ কর্মীরা পরের সপ্তাহে অতিরিক্ত সময় দিয়ে পুষিয়ে নেবেন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার এতটাই বিশাল যে, ১ বিলিয়ন ডলার দেশটির এক দিনের মোট জিডিপি বা উৎপাদনের মাত্র ১ শতাংশের সমান।
কর্মঘণ্টার সাময়িক ক্ষতি ছাপিয়ে গেমটি অর্থনীতিতে সরাসরি অর্থের প্রবাহ বাড়াচ্ছে। গেমটি খেলার জন্য বিশ্বজুড়ে নতুন গেমিং কনসোল, টিভি, মনিটর এবং ইন্টারনেট ডেটার বিক্রি বহুগুণ বেড়ে গেছে। ঘরে বসে গেম খেলার কারণে অনলাইন ফুড ডেলিভারি এবং স্থানীয় রেস্তোরাঁগুলোর বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের সেলফ্রিজেস-এ জিটিএ ৬-এর একটি পপ-আপ স্টোর খোলা হয়েছে। সেখানকার লিমিটেড এডিশন টি-শার্ট ও জিনিসপত্র কেনার জন্য মানুষ রীতিমতো বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। সেখানে গেমের আদলে তৈরি একটি কাস্টম-পেইন্টেড ফেরারি গাড়িও রাখা হয়েছে, যার দাম ধরা হয়েছে ১.৩ মিলিয়ন ডলার।
সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষক সংস্থা ‘ভিসিব্রেইন’-এর তথ্যমতে, জিটিএ৬ গেমটি বাজারে আসার প্রথম ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ লাখেরও বেশি পোস্ট হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেমটি নিয়ে প্রতি মিনিটে প্রায় ১ হাজার ৮৫০টি বার্তা প্রকাশিত হয়েছে, যা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনের সময় হওয়া পোস্টের সংখ্যার চেয়ে ৭ শতাংশ বেশি।
জিটিএ৬ নিয়ে এর ভক্তদের নানান পাগলামির খবরও আলোচনার সৃষ্টি করেছে। রেডিটে এক গেমার টিভির সামনে জিটিএ ৬-এর ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন। নির্বিঘ্নে টানা এক সপ্তাহ গেমটি খেলার জন্য তিনি রীতিমতো একটি হোটেল রুম ভাড়া করে ফেলেছেন। তিনি মজা করে লিখেছেন, তার এই কাণ্ড দেখে তার স্ত্রী তাকে ‘পাগল অথবা পরকীয়ায় লিপ্ত’ বলে সন্দেহ করছেন।
স্কটল্যান্ডের ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে অঞ্চলের বাসিন্দা ৩৮ বছর বয়সী শন লিটল শান্তিতে জিটিএ৬ খেলার জন্য স্ত্রী ও মেয়ের সাথে ‘হস্তক্ষেপ না করার চুক্তি’ করেছে। চুক্তি অনুযায়ী, লিটলের পরিবার এক সপ্তাহের জন্য তাকে ঘরের যেকোনো কাজ এবং বাবার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিতে বাধ্য থাকবে।
গেমটির নেশায় রাত জাগলে খেলার মাঠে পারফরম্যান্স খারাপ হতে পারে, এই আশঙ্কায় ক্রীড়া বিশেষজ্ঞরা পেশাদার ফুটবলার ও অ্যাথলেটদের এখন থেকেই সতর্ক করছেন। যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসের সোয়ানসির বার্চগ্রোভ কম্প্রিহেনসিভ স্কুল
অভিভাবকদের সতর্ক করে বলেছে, জিটিএ ৬ ঘিরে ব্যাপক উত্তেজনা থাকলেও স্কুলের পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। স্কুল কর্তৃপক্ষ জানায়, ‘নতুন কোনো কম্পিউটার গেম বাজারে আসার কারণে শিক্ষার্থীরা স্কুল কামাই করবে, দেরিতে আসবে বা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে—এমনটি হওয়া উচিত নয়।’
তারা আরো জানায়, গেমটির মুক্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক আলোচনা চলছে বলে তারা অবগত, তবে ‘সকল শিক্ষার্থীর স্কুলে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি’।
মনোয়ারুল হক/
