বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ অক্টোবর): বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও সংস্কারমূলক কার্যক্রমে সহযোগিতার আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের চলমান বার্ষিক সভার সাইডলাইনে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লারকের সঙ্গে বৈঠক পরবর্তী সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিগত সময়ের চ্যালেঞ্জিং অর্থনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক অঙ্গনের নানা অস্থিতিশীলতা সত্ত্বেও বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রায় আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে। বিগত কয়েক দিন ধরে দুই পক্ষের প্রতিনিধিদলের মধ্যে তথ্য বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যার ধারাবাহিকতায় আজকের বৈঠকে বিষয়গুলো আরও পর্যালোচনা করা হয়েছে।

ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাতসহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আইএমএফের কিছু পর্যবেক্ষণ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, এগুলোর মধ্যে অনেক ইস্যুর ইতোমধ্যেই সমাধান এসেছে এবং বাকি বিষয়গুলোতে আলোচনা চলবে। আগামী কয়েক মাস ধরে এই প্রক্রিয়াটি চলমান থাকতে পারে। এছাড়া আইএমএফের নতুন কর্মসূচি সংক্রান্ত আলোচনাও সঠিক পথে এগোচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার ও নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আইএমএফসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে কাজ করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

শর্ত ও মতপার্থক্য প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, সহযোগিতার ক্ষেত্রে শর্ত থাকা স্বাভাবিক এবং কোনো দ্বিমত দেখা দিলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। বাংলাদেশের একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কৌশল রয়েছে বলেই আলোচনা এতদূর পর্যন্ত সফলভাবে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ১২ অক্টোবর ব্যাংককে শুরু হওয়া আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের এই বার্ষিক সভা ১৮ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও অর্থমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ