বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ অক্টোবর): বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি এই অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে উভয় রাষ্ট্র। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) আয়োজনে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উল্লেখ করেন যে, বিগত ৭৭ বছরে আর্থসামাজিক খাতের বিভিন্ন ক্ষেত্রে চীনের অর্জন বিশ্বমঞ্চে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য এক অনুকরণীয় এবং শিক্ষণীয় দৃষ্টান্ত। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাস্তবসম্মত সহযোগিতা আরও বেগবান করার পাশাপাশি ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন দিগন্তে উন্নীত করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।
অন্যদিকে, ড. লিউ ইউইন তাঁর বক্তব্যে জানান যে, উভয় দেশের শীর্ষ নেতৃত্বের সুদূরপ্রসারী কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ ও চীনের মধ্যকার অংশীদারত্ব এক অনন্য স্তরে পৌঁছেছে। বিশেষ করে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গড়ার যৌথ অঙ্গীকার দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি অগ্রগতিতে গতিশীলতা এনে দিয়েছে।
তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে চীন সর্বদা পাশে আছে। ফলপ্রসূ সহযোগিতা আরও সুগভীর করার মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক বন্ধনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বেইজিং ঢাকার সঙ্গে কাজ করতে সর্বদা প্রস্তুত।
মনোয়ারুল হক/
