ইরানে শক্তিশালী এমওএবি বোমা ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৫ অক্টোবর): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানের পারমাণবিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে মার্কিন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র—জিবিইউ-৪৩/বি বা বহুল পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) প্রয়োগের একটি নতুন সামরিক ছক কষেছে পেন্টাগন।
বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে চলা এই সামরিক সংঘাত মার্কিন নাগরিকদের কাছে এখন যথেষ্ট অজনপ্রিয় হয়ে উঠেছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের পুঞ্জীভূত অসন্তোষের আশঙ্কায় ট্রাম্প প্রশাসনের ওপর যুদ্ধ বন্ধের রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। এমন এক প্রেক্ষাপটে, মার্কিন সেন্টকম অঞ্চলের আওতাধীন এলাকাগুলো থেকে সেনা সরিয়ে নেওয়ার আগে ইরানে বড় রকমের আঘাত হেনে সামরিক বিজয়ের বার্তা দিয়ে দ্রুত ওই অঞ্চল ছাড়ার কৌশল এখন নতুন করে বিবেচনা করা হচ্ছে।
প্রস্তুতকৃত সামরিক কৌশল অনুযায়ী, পিকঅ্যাক্স মাউন্টেনসহ ইরানের বেশ কিছু স্পর্শকাতর ও প্রধান পারমাণবিক কেন্দ্রে বিমান অভিযানের সময় বিশেষ গুরুত্ব দিয়ে এই এমওএবি বোমা ব্যবহারের কথা বলা হয়েছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জোরালো ধারণা, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো সেখানেই সুরক্ষিত করে রেখেছে।
তবে অতি শক্তিশালী এই বোমাটি ব্যবহার করা হলে ট্রাম্প প্রশাসনের পূর্বঘোষিত কৌশলগত লক্ষ্যগুলো আদতে পূরণ হবে কি না কিংবা এর মধ্য দিয়ে চলমান এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে কি না—তা নিয়ে খোদ মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের ভেতরেই যথেষ্ট সংশয় ও বিতর্ক রয়েছে। সূ্ত্র: সিএনএন
মনোয়ারুল হক/
