সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা মামলায় দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ অক্টোবর): সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া এবং সাবেক লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আসামিদের সিএমএম আদালতে এনে হাজতখানায় রাখা হয় এবং পরবর্তীতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে বেলা ৫টা ৫০ মিনিটে এজলাসে উপস্থাপন করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি উত্থাপন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা রাজধানী পল্লবীর একটি বাসায় অবস্থান করে ‘Bangladesh Awami League Supporters Alpha # 1’ এবং ‘BBM Transparency’ নামের দুটি হোয়্যাটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক নানা ডিজিটাল কনটেন্ট প্রচার করছিলেন।
তদন্ত কর্মকর্তার বরাতে আরও জানানো হয়, আসামিরা ‘Unity Care’ ও ‘Public Parliament’ নামের প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য পলাতক নেতাদের সঙ্গে সখ্য রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত ছিলেন। পাশাপাশি ‘কালআজকাল.কম’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টাও চালানো হচ্ছিল।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা ২০১৮ সালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন এবং ১০১ সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করেন। এছাড়া তাদের সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও সাইবার অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর বাদী হয়ে পল্লবী থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী ও সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
মনোয়ারুল হক/
