জি৭ সম্মেলনে ট্রাম্পের হুঙ্কার: ‘আমিই বস’

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৮ জুন) : বিশ্বমঞ্চে নিজের চেনা আগ্রাসী মেজাজে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে তিনি সটান ঘোষণা করেছেন— ‘আমিই বস’।

গত বুধবার (১৭ জুন) এভিয়ান-লে-বেঁ রিসোর্টে অনুষ্ঠিত বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনে নিজের আসনে বসার সময় জি৭-এর প্রধান এবং উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেন ট্রাম্প।

ইউক্রেনকে জোরালো সমর্থন ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে ইউক্রেন পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের কথা স্বীকার করেছেন ট্রাম্পসহ জি৭-এর অন্য নেতারা। একই সঙ্গে ক্রেমলিনের ওপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের যৌথ প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ট্রাম্পের এমন অনমনীয় মনোভাব মস্কোর সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, “ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ বেশ ফলপ্রসূ হচ্ছে। যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কোনো শান্তিচুক্তির শর্ত নির্ধারণ বা একতরফা চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে এখন আর রাশিয়া নেই।”

যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে ট্রাম্পের মূল্যায়ন রাশিয়াকে এই যুদ্ধের মূল ‘আক্রমণকারী’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, চলমান সংঘাতের রণাঙ্গনে ইউক্রেনের চেয়ে রুশ বাহিনীর সেনা নিহতের সংখ্যা অনেক বেশি।

গত বছরের ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখ ২০২৫ সালে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন ইউক্রেন ইস্যুতে কোনো ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছিল। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে আয়োজিত এক জমকালো নৈশভোজের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে এবারের শীর্ষ সম্মেলনকে ‘অত্যন্ত সফল’ বলে অভিহিত করেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ